পাচক মশাই আজ পাঁশুটে নিস্তব্ধতা বিদীর্ণ...

ঊর্মিমালা,

তুমি কি জানো?

একটা ইতস্তবোধ খালি হাত নিয়ে দাঁড়ায় থাকতে কেমন লাগে? ঝাপসা হয়ে আসা দুইটা চোখের পাতা স্থির রাখতে গিয়ে কতটুকু দুমড়েমুচড়াইয়া যায় বুক? কেমন লাগে ঠোঁট কেঁপে কেঁপে আসা কান্না গিলে ফেলতে?

একটা আস্ত উপন্যাস পড়ে ফেলার পর যে টুকুন ফাঁকা ফাঁকা লাগে চারপাশ; তেমনই ফাঁকা হয়ে আছে হৃদয়। তুমি চলে যাওয়ার পর অচেনা মানুষের মত এলোমেলো পায় হাঁটি আর কোনদিন না ফেরার দিকে; দাঁড়িয়ে থাকি সিনেমা শেষ হওয়ার পরও আরও কিছু দৃশ্য বাকি আছে ভেবে। 

কারণ আমি বিশ্বাস করি তুমি একদিন ফিরে তাকাবে ফের, তোমার দু’চোখে থাকবে জল ও মায়ার স্পষ্ট ছাপ, যে জলের উপর স্পষ্ট লেখা থাকবে "আমায় থামাও, তোমার করে নাও।" 

অথচ নিষ্ঠুর সময়ের মত তুমি চলে গেলে, বয়ে গেলে, ভেঙে গেলে, ভাসিয়ে গেলে; রেখে গেলে কেবল কিছু স্মৃতিময় মুহূর্ত।

এক জীবনে কতকিছুর চলে যাওয়া মেনে নিতে শিখলাম। দীর্ঘতম মাস জানুয়ারি, টিকেট কাটা ট্রেন, অভিভূত মেঘদল, ফুলের ঋতু বসন্ত, শখ করে পোষা বিড়াল, বাবার অকাল মৃত্যু। 

শুধু তোমার চলে যাওয়া মেনে নিতে পারিনি আজও কোন যুক্তিতে।

আজ বৃহস্পতিবার রাত লক্ষ্মীটি!

ঈসায়ী ২০২২ এর ১০ই ফেব্রুয়ারি [১০/০২/২০২২] আজ থেকে তোমার হাত অন্য কারো হাতে।

আমার শরীর আজ জ্বরে পুড়ছে, মনের জ্বরে পুড়ে যাচ্ছে রাত। তোমাকে কি করে পাঠাই এসব পুড়ে যাওয়া রাতের কথা, ঝরে পড়া চোক্ষের জল? 

বড়ই দুঃখ লাগে গো!

তোমার তো আমার মনের ঠিকানা অজানা,

আমি তো তোমার হলেম অচেনা।

[২২/১০/২০২২]


Comments