অজানা অবিশ্রান্ত অসুখ তুমি...
ঊর্মিমালা,
তোমার আমার পাশে থাকা দরকার। তুমি পাশে থাকলে পৃথিবীর যে-কোন বিরহকে আমার গান মনে হয়। বুকের ভিতর বন্যার জলের মত বাড়ে প্রেম। আর তুমি না থাকলে শুনশান মাঠে খাখা রদ্দুরে পুড়তে থাকা নিঃসঙ্গ তাল গাছের মতোন নিজেরে একা লাগে।
তোমার আমার পাশে থাকা জরুরি। যেকোনো অজুহাতে চুমু খাওয়া জরুরী ঠোঁটে। যেকোনো মন খারাপের ভাগাভাগি করাটাও জরুরী, আমি জানি ক্লান্তিকর দুপুরে তোমার বুকে আমাকে না রাখলে ছটফট লাগবে, তিল পরিমাণ দুঃখকেও মনে হবে সমুদ্রের সমেত।
আমি দু'চোখ খুলে তোমারে দেখতে চাই আজীবন,চোখ বন্ধ করলেও চাই তোমারে। আমি অজস্র যাতনাকে দূরে রেখে তোমার প্রেমে প্রতিদিন পড়তে চাই হাজার বার। এটা নেহাৎ অন্যায় নয়।
একটা মানুষ, এক জোড়া চোখের প্রেমে প্রতিদিন পড়ার মত সুন্দর আনন্দের ঘটনা পৃথিবীতে খুব কমই আছে।
জানো!
আমি যেভাবে জ্বর মাথায় উঠে গেলে তোমারে খুঁজি, আমি যেভাবে ভোরে ঘুম ভাঙলে সবার আগে তোমার কথা ভাবি, আমি যেমন পরিচিত সব নান্দনিক সুন্দর দৃশ্যের মাঝে তোমার ছবি কল্পনা করি, আমিও চাই তুমিও তা করো। তুমি থাকো আমার সমস্ত ভাবনা জুড়ে, তুমি থাকো আমার সমস্ত কবিতা জুড়ে, তুমি থাক আমার সমস্ত গান জুড়ে, তুমি থাকো আমার রঙ জুড়ে, আমার সমস্ত ভালো লাগা, খারাপ লাগা জুড়ে।
তোমার থাকাটা জরুরী।
তুমি থাকলেই কেবল জীবন আমার কাছে মধুর লাগে, তুমি থাকলে কেবল হাজার বছর বেচে থাকার বাজি ধরি, কেবল তুমি পাশে থাকলেই; সমস্ত রাগ অভিমান জলাঞ্জলি দিয়ে ঠোটের পাশে ঝুলাই বিশ্বজয়ের হাসি, ফুলের মত ফুটতে ফুটতে বলি, ভালোবাসি, ভালোবাসি....
[২৩ই রমাদ্বান, ২০২৫]
২৩/০৩/২০২৫, রোজ রবিবার



Comments
Post a Comment